পাকিস্তানে ট্রেন ছিনতাই: ৬ নিরাপত্তা কর্মী নিহত, ১০০+ জিম্মি, দাবি বিস্ফোরক বিবৃতিতে
ইসলামাবাদ: মঙ্গলবার পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করেছে বালুচিস্তান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি দাবি করেছে, ৪৫০ জন যাত্রীর মধ্যে সকল সাধারণ নাগরিক—নারী, শিশু, প্রবীণ এবং বালুচ জনগণকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ১০০-এর বেশি নিরাপত্তা কর্মীকে জিম্মি করা হয়েছে।
বিএলএ'র দাবি: ৬ নিরাপত্তা কর্মী নিহত, একটি ড্রোন ভূপাতিত
বিএলএ তাদের বিবৃতিতে জানিয়েছে যে, সংঘর্ষে ছয়জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। জিম্মিদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী, পুলিশ, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং অ্যান্টি-টেররিজম ফোর্সের (এটিএফ) কর্মরত সদস্যরা রয়েছেন, যারা ছুটিতে থাকাকালীন ট্রেনে ভ্রমণ করছিলেন।
বিএলএ হুঁশিয়ারি দিয়েছে যে, যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকে, তবে জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
সরকারি অভিযান: ৮০ যাত্রী উদ্ধার
এদিকে, মঙ্গলবার রাতের দিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ৮০ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড। তিনি বলেন, “নিরাপত্তা বাহিনী একটি বগি থেকে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ জন শিশুকে উদ্ধার করেছে।”
তবে, এখনও ৪০০ জন যাত্রী ট্রেনের মধ্যে আটকে রয়েছেন। তারা একটি সুড়ঙ্গে অবস্থান করছেন, যেখানে নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে।
রিন্ড আরও জানান, পেশোয়ারগামী এই ট্রেনের ওপর তীব্র হামলার পর উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং আরও বিশেষ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় যেকোনো সময় আরও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।